স্পেসএক্সের উৎক্ষেপণে নিয়ম লঙ্ঘনের অভিযোগ: এফএএ-এর কড়া অবস্থান।
ইলন মাস্কের স্পেসএক্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সম্প্রতি ৬ লাখ ৩৩ হাজার ডলার জরিমানা প্রস্তাব করেছে। ২০২৩ সালে দুটি উৎক্ষেপণের নিয়ম লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হচ্ছে। এফএএ-এর প্রধান মাইক হুইটেকার স্পেসএক্সকে কঠোর নিরাপত্তা মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "স্পেসএক্স ২০ বছর ধরে কাজ করছে, তাদের উচিত সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখা এবং একটি হুইসলব্লোয়ার প্রোগ্রামসহ নিরাপত্তা ব্যবস্থাপনা প্রোগ্রাম গ্রহণ করা।"
২০২৩ সালের জুন ও জুলাই মাসে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্স অনুমোদন ছাড়াই দুটি উৎক্ষেপণ পরিচালনা করেছিল বলে অভিযোগ করা হয়। হুইটেকার এ প্রসঙ্গে বলেন, "এটি আমাদের একমাত্র উপায় যাতে আমরা নিরাপত্তা নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে পারি।"
স্পেসএক্স এই অভিযোগগুলোর তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেছে, এফএএ প্রধানের করা প্রতিটি অভিযোগ ভুল। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, "স্পেসএক্স বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য উৎক্ষেপণ সংস্থা, এবং আমরা আমাদের প্রতিটি কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করি।"
এফএএ আরও জানিয়েছে, স্পেসএক্স জুন ২০২৩-এর একটি উৎক্ষেপণের সময় তাদের যোগাযোগ পরিকল্পনা সংশোধনের অনুমোদন নিতে ব্যর্থ হয়েছিল। এতে ইন্দোনেশিয়ার একটি স্যাটেলাইট বহনকারী রকেট উৎক্ষেপণ করা হয়েছিল।
স্টারশিপ ৫-এর পরবর্তী উৎক্ষেপণ বিলম্বিত হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন হুইটেকার। তিনি বলেন, স্পেসএক্স তাদের সোনিক বুম বিশ্লেষণ যথাসময়ে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। ফলে, এ বছরের নভেম্বরের আগে নতুন লাইসেন্স অনুমোদনের সম্ভাবনা নেই।
ইলন মাস্ক এর আগে এফএএ-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, বোয়িংয়ের বড় নিরাপত্তা সমস্যাগুলো উপেক্ষা করা হচ্ছে যা মানুষের জীবনের ঝুঁকি তৈরি করছে, অথচ স্পেসএক্সকে অপ্রাসঙ্গিক এবং ক্ষুদ্র বিষয় নিয়ে জরিমানা করা হচ্ছে।
তবে হুইটেকার স্পষ্ট করে বলেন, “স্পেসএক্স ও বোয়িংয়ের প্রতি সমান তত্ত্বাবধান থাকা উচিত এবং উভয়ের জন্যই একই নিরাপত্তা মান প্রযোজ্য হবে। উভয়েরই হুইসলব্লোয়ার প্রোগ্রাম এবং নিরাপত্তা ব্যবস্থাপনা প্রোগ্রাম থাকা উচিত।”
