বিন্যান্সের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও Changpeng Zhao কারামুক্ত-Bloomberg রিপোর্ট।
বিন্যান্সের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও চাংপেং ঝাওকে শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে Bloomberg নিউজ। কারাগার ব্যুরোর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
Zhao চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থ পাচার আইন ভঙ্গের অভিযোগে চার মাসের কারাদণ্ড পান। আদালতে Zhao দোষ স্বীকার করেন। প্রসিকিউটররা জানিয়েছেন, বিন্যান্স এমন একটি মডেল অনুসরণ করেছিল, যা অপরাধীদের লেনদেনে সহায়ক ছিল এবং ১ লাখেরও বেশি সন্দেহজনক লেনদেন সঠিকভাবে রিপোর্ট করতে ব্যর্থ হয়। এসব লেনদেনের সাথে হামাস, আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততা ছিল।
প্রসিকিউটররা আরও অভিযোগ করেন, বিন্যান্স শিশু যৌন নির্যাতনের উপকরণ বিক্রি এবং র্যানসমওয়্যার আক্রমণের অর্থ লেনদেনেও জড়িত ছিল। বিন্যান্স এসব অপরাধের দায়ে ৪.৩২ বিলিয়ন ডলার জরিমানা মেনে নেয়, আর Zhao ব্যক্তিগতভাবে ৫ কোটি ডলার জরিমানা এবং কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশনকে আরও ৫ কোটি ডলার প্রদান করেন।
