এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট তৈরি হবে আরও দ্রুত: ওপেনএআই-এর নতুন টুলস উন্মোচন।
ওপেনএআই জানিয়েছে, নতুন একটি রিয়েল-টাইম টুল চালু করা হয়েছে যা ডেভেলপারদের একটি নির্দেশনাই যথেষ্ট করে তুলবে। আগের মতো জটিল তিন ধাপের প্রক্রিয়ায় যেতে হবে না—যেখানে প্রথমে অডিও ট্রান্সক্রিপ্ট, তারপর টেক্সট বিশ্লেষণ এবং শেষে উত্তর তৈরির জন্য আলাদা টেক্সট-টু-স্পিচ মডেলের ব্যবহার প্রয়োজন হতো। এখন এই প্রক্রিয়া সহজ হয়ে একটি মাত্র ধাপেই সমাধান করা সম্ভব হবে।
এআই ভিত্তিক সেবা থেকে বিপুল রাজস্ব উপার্জন করছে ওপেনএআই, কারণ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান তাদের নিজস্ব এআই অ্যাপ্লিকেশন তৈরি করতে এই সেবা ব্যবহার করছে। তাই নতুন ফিচারগুলোকে কেন্দ্র করে ব্যবসায়িক আকর্ষণ আরও বাড়াতে চাইছে কোম্পানিটি।
প্রতিযোগিতায় গুগলের মতো প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই। তারা ভিডিও, অডিও এবং টেক্সটের মতো বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করার সক্ষমতা সম্পন্ন এআই মডেলগুলো ব্যবসায় যুক্ত করে নিজেদের অবস্থান শক্ত করছে।
ওপেনএআই ধারণা করছে, ২০২৪ সালের ৩.৭ বিলিয়ন ডলার রাজস্ব থেকে ২০২৫ সালে তা ১১.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এ ছাড়া, বর্তমানে কোম্পানি ৬.৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ প্রক্রিয়ায় রয়েছে, যা তাদের মূল্যায়নকে ১৫০ বিলিয়ন ডলারে পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, ওপেনএআই ফাইন-টিউনিং টুল উন্মোচন করেছে, যা ডেভেলপারদের মডেলের প্রতিক্রিয়া আরও উন্নত করতে সাহায্য করবে। নতুন এই ফিচারে ছবি এবং টেক্সটের মাধ্যমে মডেলগুলোকে আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যাবে। পাশাপাশি, মানব প্রতিক্রিয়ার মাধ্যমে মডেলের কার্যক্ষমতাও বৃদ্ধি করা সম্ভব হবে।
ছবি ব্যবহার করে মডেলগুলোকে প্রশিক্ষণ দিলে ভিজ্যুয়াল সার্চ এবং স্বয়ংক্রিয় যানবাহনের জন্য উন্নত অবজেক্ট ডিটেকশন তৈরি করা সহজ হবে। ওপেনএআই আরও একটি নতুন টুল উন্মোচন করেছে, যা ছোট মডেলগুলোকে বড় মডেল থেকে শেখার সুযোগ দেবে। পাশাপাশি প্রম্পট ক্যাচিং নামে আরেকটি ফিচার আছে, যা একই প্রক্রিয়া পুনরায় ব্যবহার করে উন্নয়ন খরচকে প্রায় অর্ধেকে কমিয়ে দেবে।
